চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের ছয় উপজেলার ৪৯৭ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামা যাচ্ছে। আইনশৃঙ্গলা বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মাধ্যমে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে।
শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদগুলো থেকে নির্বাচনি সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এবং মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর ও গজারিয়ার রির্টানিং অফিসার হারুন অর রশীদ জানান, সরঞ্জমাদি সকাল ১১টা থেকে কেন্দ্রগুলোতে যাচ্ছে। সদর উপজেলার ১১৬টি ইভিএম কেন্দ্রে ২৩২জন সেনা সদস্য থাকবে। জেলায় ১৯ প্লাটুন বিজিবি থাকছে। যার মধ্যে মুন্সীগঞ্জ সদর, টংগিবাড়ী ও শ্রীনগরে ৫ প্লাটুন করে এবং অনান্য উপজেলায় ২ প্লাটুন করে বিজিবি থাকবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ছয়টি উপজেলায় এবার মোট ভোটার ১১ লাখ ৬৩ হাজার ৫৩৭ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১১৬টি কেন্দ্র। এবারই প্রথম সদর উপজেলার ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতি ব্যবহৃত হবে। এছাড়া টংগিবাড়ী উপজেলায় ৮২টি, লৌহজং উপজেলায় ৬১টি, শ্রীনগর উপজেলায় ৮৮টি, সিরাজদিখান উপজেলায় ৯৫টি ও গজারিয়া উপজেলায় ৫৫টি কেন্দ্র রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, মুন্সীগঞ্জে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। কারণ কোনও কেন্দ্র বা এলাকায় মারামারি বা সংঘাতের আশঙ্কা নেই।