সিরাজগঞ্জের কামারখন্দের কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে সাইফুলকে অভিযুক্ত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (৩১ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এই তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।
এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, তদন্তে শিক্ষক সাইফুল অভিযুক্ত হওয়ায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণে জেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ও তার সহকর্মী তরিকুল ইসলামের শাস্তিমূলক বদলিসহ এক নারী শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিরও সুপারিশ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মো. ইউসুফ রেজা বলেন, ‘বিষয়টি অনৈতিক, ক্ষমার সুযোগ নেই।’