ঝড়ে নৌকা ডুবে নিখোঁজের ২ দিন পর মাঝির লাশ উদ্ধার

কেরানীগঞ্জ

বুড়িগঙ্গা নদীতে রবিবার সন্ধ্যার ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিঁখোজ মাঝির লাশ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উদ্ধার করা হয়েছে। কালিন্দী ইউনিয়নের খাগাইলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মকবুল হোসেন (৪০)।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আমিরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আমরা দ্রুত খাগাইলঘাটে যাই। এসময় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মাঝি মকবুল হোসেনের লাশ উদ্ধার করি। নিহত মকবুল হোসেনের ভাই লাশ শনাক্ত করেছেন। এরপর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

নিহত মকবুল হোসেনের বাবার নাম মৃত বরজু মিয়া। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের মাদ্রাসাঘাট এলাকায় স্বজনদের নিয়ে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লম্বাবাদ এলাকায়।

উল্লেখ্য গত রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কালিন্দী ইউনিয়নের মাদারীপুরঘাট থেকে কয়েকজন যাত্রী নিয়ে কামরাঙ্গীরচরের সাইনবোর্ড ঘাটে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। সেসময় পানিতে ডুবে যাত্রী রীমা আক্তার (২৮) ও তার আড়াই বছরের শিশুপুত্রের মৃত্যু হয়। এরপর থেকে নৌকার মাঝি মকবুল হোসেন নিখোঁজ ছিলেন।