জামিনে মুক্ত আসামিদের হুমকিতে আতঙ্কে মহিউদ্দিন সোহেলের পরিবার

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন সোহেলের পরিবার

চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তার ছোট ভাই মো. শাকিরুল ইসলাম শিশির। তার ভাষ্য, আসামিদের হুমকিতে তারা আতঙ্কে রয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন সোহেলের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশির।

শিশিরের অভিযোগ, ‘ঘটনার পর পুলিশ আসামিদের গ্রেফতার করলেও আসামিরা একে একে জামিনে বের হয়ে আসছে। তারা নানাভাবে হুমকি দিয়ে আসছে। পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে খুলশী থেকে বাসা সরিয়েছি। আমরা এ ঘটনায় শঙ্কিত। জামিনে বের হওয়া আসামিরা আমাকে ও আমার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছে।’

মহিউদ্দীন সোহেল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কমার্স কলেজের সাধারণ সম্পাদক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার নেতা ছিলেন। গত ৭ জানুয়ারি সকালে নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারের পাশে রেললাইন থেকে মহিউদ্দিন সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ জানিয়েছিল, চাঁদাবাজির অভিযোগে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

শাকিরুল ইসলাম শিশির বলেন, ‘হত্যার পর গত ৩ মাসে আইন-শৃঙ্খলা বাহিনী এজাহারভুক্ত ১৯ জন আসামিকে গ্রেফতার করে। কিন্তু এখনও মামলার এক নম্বর আসামিকে গ্রেফতার করতে পারেননি। এর মধ্যে হাইকোর্ট  ৪ জন আসামিকে নির্দিষ্ট সময়ের জামিন দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার পর তার রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল হত্যাকারীরা। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে, আমার ভাই চাঁদাবাজ ছিলেন না। তার বিরুদ্ধে কোনও থানায় মামলা নেই।’

শিশির বলেন, ‘আমাদের আর কোনও চাওয়াপাওয়া নেই। আমরা শুধু ন্যায়বিচার চাই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এসময় তিনি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন জানান।

সংবাদ সম্মেলনে সোহেলের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।