পঞ্চগড়ে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে শিশু নিহত

পঞ্চগড়পঞ্চগড় জেলার দেবীগঞ্জে সিদরাতুল মুনতাহা স্বর্ণা নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ-শান্তিনগর সড়কের বিনয়পুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্বর্ণার বাড়ি ওই ইউনিয়নের বালাপাড়া গ্রামে। সে স্থানীয় সাংবাদিক আবু সাঈদের মেয়ে।

দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান জামেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে সড়ক দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, মা ও নানা-নানির সঙ্গে স্বর্ণা বাড়ি থেকে ইজিবাইকে করে শান্তিনগর এলাকায় বউভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছিল। পথিমধ্যে তার ওড়না ইজিবাইকের মোটরে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।