ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও হকারদের ভ্যান দেবে রাসিক

রাসিকের দেওয়া বিশেষ ভ্যানভ্রাম্যমাণ ব্যবসায়ী ও রাস্তাপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভ্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এসব ভ্যানে রাসিকের নির্ধারিত সময়ে নগরীতে ব্যবসা করতে পারবেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।

রাজশাহী সিটি করপোরেশন সূত্ত্রে জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত ও রাস্তাপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসব অভিযানে অবৈধ অনেক দোকান ভাঙা পড়েছে। ফুটপাত ও রাস্তাপাশে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কথা চিন্তা করে তাদের ব্যবসার জন্য ভ্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনা মতো একটি ভ্যান তৈরি করা হয়েছে। শিগগিরই আরও বিভিন্ন মডেলের ভ্যান তৈরি করা হবে। এরমধ্যে সবচেয়ে সুন্দর ও ভালো ভ্যানটি সিটি করপোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও হকারদের সরবরাহ করা হবে। এই ভ্যানে করে নির্ধারিত সময় ব্যবসা করে ভ্যান সরিয়ে নিয়ে নিজেদের জায়গায় রাখতে হবে।

এ ব্যাপারে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু জানান, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী গড়তে কাজ করে যাচ্ছেন। সিটি মেয়রের নির্দেশনায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ভ্যান প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাসিকের দেওয়া বিশেষ ভ্যানতিনি আরও জানান, নাগরিকদের চলাচলের সুবিধার জন্য ফুটপাত ও রাস্তাপাশে অবৈধ দোকান বা স্থাপনা করতে দেওয়া হবে না। তবে ব্যবসায়ীরা সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাসিক কর্তৃক সরবরাহকৃত ভ্যানে ব্যবসা করতে পারবে। ভ্যানের জন্য মূল্য পরিশোধ করতে হবে। ব্যবসায়ীরা কিস্তিতে সেই টাকা পরিশোধের সুযোগ পাবে। একইসঙ্গে আগ্রহী ব্যবসায়ীদের সিটি করপোরেশনে রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যান সরবরাহের জন্য নীতিমালা প্রস্তত করা হচ্ছে।   

এছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুটপাত বা রাস্তার ধারে দোকান বসাতে পারবে না ব্যবসায়ীরা। ফুটপাত ও রাস্তার পাশের ব্যবসায়ীরা বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করতে পারবে। একইসঙ্গে কোনও ব্যবসায়ী ফুটপাত বা রাস্তায় স্থায়ীভাবে ব্যবসার মালামাল/ সরঞ্জাম রাখতে পারবে না। বিকাল ৪টায় মালামাল এনে দোকান বসিয়ে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করতে পারবে। এরপর রাত ১০টায় দোকান সরিয়ে নিয়ে যেতে হবে।