বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু, জনমনে স্বস্তি

 টিসিবি পণ্য বিক্রি হচ্ছেপবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বগুড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য বিক্রি শুরু করেছে। রোজার আগে জেলায় আরও ডিলার বাড়বে। বাজারের চেয়ে কম দামে পণ্য সংগ্রহ করতে পেরে জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

টিসিবি বগুড়া জেলায় কয়েকটি পণ্য ন্যায্যমূল্যে বিক্রির জন্য দু’জন ডিলার নিয়োগ দিয়েছে। একজন ডিলার প্রতিদিন দেড় হাজার কেজি চিনি, দেড় হাজার লিটার সয়াবিন তেল এবং এক হাজার ২০০ কেজি মসুর ডাল উত্তোলন করতে পারবেন। ডিলাররা টিসিবির গুদাম থেকে সরকার নির্ধারিত দামে তেল, চিনি, মসুর ডাল উত্তোলন করে ট্রাকে ভ্রাম্যমাণভাবে পণ্য বিক্রি করছেন। টিসিবির ছোলা প্রতি কেজি ৬০ টাকা, মসুর ডাল ৪৪ টাকা, খেজুর ১৩৫ টাকা, চিনি ৪৭ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল (পুষ্টি) ৮৫ টাকা। বর্তমানে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে। রোজার আগে ছোলা ও খেজুর বিক্রি হবে।

এদিকে, খোলা বাজারে প্রতি কেজি ছোলা ৭২ টাকা এবং ভালো মানের ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল (পুষ্টি) ১ লিটার বোতল ৯৬ টাকা, পলি প্যাকে ৯০ টাকা আর ৫ লিটারের কন্টেইনার ৪৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডাল ৬০ টাকা কেজি। মানভেদে খেজুর ১২০ টাকা থেকে শুরু করে হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খোলা বাজারের চেয়ে টিসিবির পণ্য কেজিতে ১০-১৫ টাকা কম হওয়ায় সাধারণ মানুষ ভিড় করছেন। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে বা অপেক্ষা করে টিসিবির পণ্য কিনছেন।

বগুড়া শহরের পুরাতন বগুড়ার ব্যবসায়ী আবদুর রশিদ, বাদুড়তলার নিজাম উদ্দিন, চেলোপাড়ার আরশাদ আলী, সুলতানগঞ্জপাড়ার শহিদুল ইসলাম প্রমুখ জানান, বাজারে ভালোমানের খোলা চিনি প্রতি কেজি ৫৪ টাকা। আর একই মানের টিসিবির চিনি পাওয়া যাচ্ছে ৪৭ টাকা কেজিতে। আবার প্রতি কেজি মসুর ডাল বাজার থেকে ১৩-১৪ টাকা কমে পাওয়া যাচ্ছে। তাই তারা টিসিবির পণ্য কিনতে এসেছেন।

টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রতাপ কুমার জানান, বগুড়ায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করায় সাধারণ জণগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। জনগণের সুবিধার্থে রোজার আগে ডিলার ও দোকানের সংখ্যা বৃদ্ধি করা হবে।