শাবি শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগকারী শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

single pic template-1 copy--Recoveredশিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করায় এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ২১২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

এ বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগকারী শিক্ষার্থী ভিকটিম। সে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ জন্য তার শাস্তি বাতিল করা হয়েছে।’

এর আগে ২১১তম সিন্ডিকেটের সভা থেকে অভিযোগকারী শিক্ষার্থীকে বহিষ্কারের কারণ জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উদ্দিন আহমেদ বলেছিলেন, ‘অভিযোগকারী শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি লিখিতভাবে চূড়ান্ত হয়নি।  এ বিষয়ে আগামীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

সে সময় অধ্যাপক ড. মস্তাবুর রহমান এ বিষয়ে বলেছিলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক প্লাবন চন্দ্রকে চাকরিচ্যুত করা হয়েছে। আর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় অভিযোগকারী শিক্ষার্থীকেও আগামী দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

উল্লেখ্য, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহার বিরুদ্ধে নির্যাতনের শিকার হওয়া ওই শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত হয়। এতে অভিযুক্ত শিক্ষককে গত বছরের ১৫ ডিসেম্বর ২১১তম সিন্ডিকেট সভায় চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি অভিযোগকারী শিক্ষার্থীকেও দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।