নীলফামারী থেকে ২৬১২ মেট্রিকটন ধান কিনবে সরকার

ধানক্ষেতনীলফামারী জেলা থেকে সরকারিভাবে ধান, গম, সেদ্ধচাল ও আতপ চাল সংগ্রহ অভিযানের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৃর্ণমূল পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ২৬ টাকা দরে ধান, কেজি প্রতি ২৮ টাকা দরে গম নেওয়া হবে। আর মিলারদের কাছ থেকে ৩৬ টাকা  দরে সেদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল কেনা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী এক সপ্তাহের মধ্যে নীলফামারীতে ধান, চাল ও গম কেনা কার্যক্রম শুরু হবে বলে জেলা খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিন বলেন, ‘জেলা সদরসহ ছয় উপজেলায় দুই হাজার ৬১২ মেট্রিকটন ধান, ১৭ হাজার ৯৫৯ মেট্রিকটন সেদ্ধচাল ও ৬১৬ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।’

তিনি আরও জানান, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে বাচাইকৃত কৃষকদের তালিকা দেওয়ার পর তাদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম কেনা হবে। এদিকে, ৩৬ টাকা কেজি দরে সেদ্ধ চাল ও আতপ প্রতি কেজি ৩৫ টাকা দরে স্থানীয় মিলারদের কাছ থেকে কেনা হবে। এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু করা হবে জানান তিনি।

উল্লেখ্য, একজন কৃষক গম ১৫০ কেজি থেকে ৩ হাজার কেজি এবং ধান ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন- ধান চাষে বিঘাপ্রতি কৃষকের লোকসান ৬ হাজার টাকা!