রামুতে নদীতে ডুবে দুই জনের মৃত্যু

শাহেদ ও আমির হোসেনকক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯) দুপুর ১২টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদীর মিঠাছড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সোলতান আহমদের ছেলে ও দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শাহেদ (১৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আমির হোসেন (২৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাঁকখালী নদীর এপার থেকে ওপারে গরু পারাপার করছিলেন তারা। নদীর তিনভাগের দুই অংশ পার হওয়ার পরপরই দুইজন পানিতে ডুবে যেতে থাকেন। এসময় তারা একে অপরকে ধরে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে দুইজনই নিখোঁজ হলে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে প্রথমে আমির হোসেনকে এবং পরে স্কুল শিক্ষার্থী মোহাম্মদ শাহেদের মৃতদেহ উদ্ধার করে। তাদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে।