নীলফামারীতে কৃষি শুমারি শুরু

কৃষি শুমারির তথ্য দিচ্ছেন নীলফামারী জেলা প্রশাসক

নীলফামারীর ছয় উপজেলায় কৃষি শুমারি শুরু হয়েছে। রবিবার (৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শুমারির কাজ শুরু করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। জেলা প্রশাসকের বাংলোয় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসকের কৃষি সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন জেলা শহরের গণনাকারী জোবেদা আকতার জবা।

জেলা পরিসংখ্যান অফিস সূত্র জানায়, ৯ জুন থেকে শুরু হওয়া কৃষি শুমারি শেষ হবে আগামী ২০জুন।

মাঠ পর্যায়ে কৃষি শুমারি কার্যক্রম পরিচালনার জন্য ছয় উপজেলায় কাজ করছেন ২ হাজার ২৩৭ জন তথ্য সংগ্রহকারী। এদের তদারকি দায়িত্বে রয়েছেন ২৬ জন জোনাল কর্মকর্তা। নিয়োগকৃত গণনাকারী ও সুপারভাইজারদের দুই ব্যাচে তিনদিন করে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কৃষি শুমারির সফলতা ও প্রচারের জন্য এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিটি সাধারণ খানা কৃষি শুমারির হিসেবে আসবে। তবে কোনও প্রতিষ্ঠান কিংবা মেস থাকছে না এর আওতায়।

তিনি বলেন, কৃষি, শষ্য, মৎস্য ও খামার সংক্রান্ত তথ্যের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে সরকারের উদ্যোগে সারাদেশে একযোগে এই শুমারি শুরু হয়েছে। এটি চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

কৃষি শুমারি উদ্বোধনের সময় তথ্য সংগ্রহের সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাজেদুর রহমান প্রমুখ।