সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন বাগমারা উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার প্রামাণিক।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম বলেন, শিক্ষক বিপুল কুমার প্রামাণিককে সাময়িক বরখাস্তের চিঠি রবিবার বিকালে দফতরে পৌঁছেছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৮ অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এই সময়ে তিনি শিক্ষক বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।
উল্লেখ্য, গত শনিবার বিদ্যালয়ে ক্লাস চলাকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ ওঠে বিপুল কুমারের বিরুদ্ধে। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায় এবং পরিবারের সদস্যদের ঘটনাটি খুলে বলে। পরে এলাকার লোকজনও ঘটনাটি জানতে পারেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ে ছুটে আসেন। এ সময় তারা ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল করেন। অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষককে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন সহকর্মীরা।
পরে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম সেখানে ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতে অভিযুক্ত শিক্ষক নিজের অপরাধ স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য শিক্ষকদের অন্যত্র বদলি ও পরিচালনা কমিটি বাতিলের আদেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
যৌন হয়রানির দায়ে শিক্ষকের কারাদণ্ড