বড়পুকুরিয়ায় উন্নয়ন শ্রমিকদের উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ

দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে জনজীবনে দুর্ভোগ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উন্নয়ন শ্রমিকদের উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে আন্দোলনত শ্রমিক ও এলাকাবাসী।

আজ শনিবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে সকালে কয়লা খনির গেট থেকে একটি মিছিল বের করে।  এ অবস্থান কর্মসূচি পালন কালে সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

শ্রমিকরা জানায়, দীর্ঘ দুই বছর ধরে নিয়োগের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। আন্দোলনের ফলশ্রুতিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৫৪ জন শ্রমিকের মধ্যে চলতি বছরে ৮ এপ্রিল ২৪ জন শ্রমিককে নিয়োগে অনুমতি দেয়। কিন্তু ওই দিন স্থানীয় স্বার্থান্বেষী মহল নিয়োগে বাধা দিলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেয়। এরই প্রতিবাদে শ্রমিকরা নিয়োগের দাবিতে এই আন্দোলন করছেন।

অবস্থান কর্মসূচি চলাকালে বড়পুকুরিয়া আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, শ্রমিকদের কথা চিন্তা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ দেওয়ার অনুমতি দিলেও এখনও তারা নিয়োগ পাননি। তিনি বলেন, শ্রমিকদের কাজ নাই, পেটে ভাত নাই। শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি দিয়েছেন তারা। যতদিন দাবি পূরণ হবে না ততদিন এ কর্মসূচি চলবে।

এসময় শ্রমিক অধিকার আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ টেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলম, শ্রমিক নেতা আরিফুল ইসলাম, কবি শাহাজান আলী মানিক  সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন।