শিক্ষার্থীকে ভুল ইনজেকশন, ডাক্তার ও নার্সের জামিন বাতিল

গোপালগঞ্জ

গোপালগঞ্জে শিক্ষার্থীকে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে ডাক্তার তপন কুমার মণ্ডল ও নার্স কুহেলিকার জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৭ জুলাই) তারা গোপালগঞ্জ সদর আমলি আদালতের হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জামিন আবেদন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দশ দেন বিচারক মো. হুমায়ুন কবীর।   

এর আগে অভিযুক্ত চিকিৎসক ও দুই নার্স হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য জামিন নেন। জামিনের সময় শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে হাজির হলে তাদের জামিন বাতিল করা হয়।  অভিযুক্ত অন্য নার্স শাহনাজ পারভিন আদালতে হাজির হননি।

উল্লেখ্য, ২০ মে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশন করার আগে কর্তব্যরত নার্স গ্যাসের ইনজেকশনের পরিবর্তে ভুল করে অতিরিক্ত মাত্রায় অজ্ঞান হওয়ার ইনজেকশন পুশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নিকে। এরপর অজ্ঞান হয়ে পড়েন ওই ছাত্রী। সেই থেকে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এর আইসিইউতে।