বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জের তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) জেলার মুকসুদপুর উপজেলা সদর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক অভিযানে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারের মেসার্স আল-আমিন ফার্মাসিতে ও মেসার্স চন্দ্র ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাদের কাছে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এ অভিযোগে ওই দুই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৩৭ ধারায় ২ হাজার করে ৪ হাজার টাকা এবং মেসার্স তরুজ বেকারিতে মেয়াদের জন্য কোনও লেবেলিং না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।