মাদারীপুরে ছেলেধরা সন্দেহে মানসিক প্রতিবন্ধী নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরমাদারীপুর সদর উপজেলার ধূরাইল ইউনিয়নের বৈরাগীর হাট এলাকায় ছেলেধরা সন্দেহে এক নারীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে এলাকাবাসী। সোমবার (২২ জুলাই) সকালে ওই নারীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই নারী পরিচয় ও ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় তাদের সন্দেহ হয়। স্থানীয় অতি উৎসাহীরা তাকে মারধর শুরু করে।
মাদারীপুর সদর থানার ওসি শওগাতুল আলম জানান, মারধরের সময় মাদারীপুরের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা ওই নারীকে মারধরে বাধা দেন এবং সদর থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই নারীকে ছেড়ে দেয়।
ওসি বলেন, ‘ওই নারীকে উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি একজন মানসিক প্রতিবন্ধী। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর এলাকাবাসী তাকে ছেড়ে দিয়েছে।’