বুধবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনিন্দ ব্যানার্জি আশা প্রকাশ করেন, চলতি বছর ভারতীয় ভিসা ইস্যু দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, ‘২০১৬ সালে বাংলাদেশি নাগরিকদের নামে এক লাখ ৪০ হাজার, ২০১৭ সালে এক লাখ ৬০ হাজার, ২০১৮ সালে এক লাখ ৮৯ হাজার ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর এই হার দুই লাখ ছাড়িয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। পেশাগত কারণে আমি ১৯৯০ সালে প্রথমবারের মতো ঢাকায় এসে ১৯৯৬ সাল পর্যন্ত ছিলাম। দীর্ঘ ২১ বছর পর ২০১৭ সালে আমি কোলকাতা থেকে চট্টগ্রামে আসি। সহকর্মীদের কাছ থেকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে শুনেছি। কিন্তু ভাবিনি এতো উন্নয়ন হয়েছে। আপনারা ধারাবাহিকভাবে দেখার কারণে বাংলাদেশের উন্নয়ন হয়তো আপনাদের চোখে পড়ছে না। কিন্তু আমার মতো যারা কয়েক বছর পর আসেন, তাদের কাছে ঠিকই তা স্পষ্ট বোঝা যায়। বাংলাদেশ আরও উন্নতি করুক এই আশা করি। আমি বাংলাভাষী হিসেবে বাংলাদেশের এতো উন্নয়নে গর্ববোধ করি।’
প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার।