কাঠালিয়ায় দুর্বৃত্তের দায়ের কোপে ইউপি চেয়ারম্যান আহত

 

ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৪ জুলাই) রাতে বাড়ি যাওয়ার পথে আমুয়া হাসপাতাল রোডে এই ঘটনা ঘটে। কাঠালিয়া থানার ওসি মো. এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত আমিরুল ইসলাম ফোরকান সিকদারের জামাতা মো.জাকির হোসেন গোলদার জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমুয়া উত্তর বন্দরসথ ইউনিয়ন পরিষদের কাজ শেষে নিজবাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুবৃর্ত্তরা পেছন থেকে তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কাঠালিয়া থানার ওসি মো.এনামুল হক জানান, আহত চেয়ারম্যান আমিরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিখভাবে এই হামলার সঠিক কারণ জানা যায়নি। চেয়ারম্যান আমিরুল ইসলাম সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ধারণা করা হচ্ছে, এর জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।