ঢাকার কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় ফালগুন কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। সজীব সোসাইটি ও কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী বিনামূল্যে এ সেবা পেয়েছে।
চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের চেন্নাই আইয়ুশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সারাভানান লক্ষসমানান, একই হাসপাতালের পরিচালক ডা. হারিস, ভারতের চেন্নাই ইউনাইটেড হেলথ ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা শাহিন শাহ, সজীব সোসাইটির সেক্রেটারি কাম এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আইনুল হক , কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ডা. মো. জাকির হোসেন, ডা. এম এ সোবহান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ ফকরুল আলম।
অনুষ্ঠানে ভারতীয় চিকিৎসকরা আবারও বাংলাদেশে এসে আরও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের চিকিৎসা দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।