টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জন, একজনকে ঢাকায় রেফার্ড

টাঙ্গাইল জেনারেল হাসপাতালটাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুলাই) বিকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেন। ডেঙ্গুতে আক্রান্তরা টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নারায়ন চন্দ্র বলেন, ‘অসুস্থরা ঢাকায় কর্মরত অথবা বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ফিরে তারা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তাদের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ২০ জনের মধ্যে একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকিরা এ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে।’
গত এক সপ্তাহে জ্বর নিয়ে প্রায় ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের ডেঙ্গু জ্বর ধরা না পড়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় চলে যান।