কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে সরাসরি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। তবে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি কোনও কথা বলেননি।
সকাল ১০টার দিকে জাপানি পররাষ্ট্রমন্ত্রী প্রথমে কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত বিভিন্ন ত্রাণকেন্দ্রে যান এবং যাবতীয় বিষয়ে খোঁজ-খবর নেন। এরপর ৫নং রোহিঙ্গা ক্যাম্পে জাপান সরকারের অর্থায়নে পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন, রোহিঙ্গাদের স্বাস্থ্য ও জীবনযাপনের বিষয়ে জানতে চান। বিকাল ৩টার দিকে ১২নং রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত পানি বিশুদ্ধকরণ প্রকল্প ঘুরে দেখেন তিনি।
এ সময় কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ের প্রধান মি. মারিন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী বিষয়ক ডেস্কের পরিচালকসহ আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে বিকালে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তারো কোনো। ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
সোমবার রাতে তিনদিনের বাংলাদেশ সফরে ঢাকায় আসেন তারো কোনো।