উপজেলা ভূমি অফিস জানায়, পৌর শহরের কুন্দল মৌজায় মোট দুই একর ৮৩ শতক খাস জমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী নিজ দখলে রেখে এ জমি ভোগ করে। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিভিন্ন জনের দখলে থাকা এ খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, সার্ভেয়ার রিপন কুমার প্রামানিক,অফিস সহকারী শাহ্ আমানত সুফীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা কমিশনার (ভূমি) বলেন, ভূমি অফিসের কাগজপত্রে ওই জমিগুলো খাস হিসেবে রয়েছে। এর আগে ওই সরকারি খাস জমি সার্ভে করা হয়। এ সময় দেখা যায়, সরকারি খাস জমি দখল করে অনেকই বাসাবাড়ি গড়ে তুলেছেন। সেখানে অভিযান পরিচালনা করে খাস জমি চিহ্নিত করে লাল সীমানা নিশান স্থাপন করা হয়। তিনি বলেন, উদ্ধার করা ওই খাস জমিতে সরকারিভাবে গুচ্ছগ্রাম কিংবা আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।