এদিন সকাল ১০টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিকের নের্তৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি কালিয়া ইউএনওর কার্যালয়ে পৌঁছেন। সেখানে তারা তিতাসের মা সোনামণি ঘোষ ও বোন তানিশা ঘোষ, মামা বিজয় ঘোষ, অ্যাম্বুলেন্সে থাকা ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলেন। এরপর দুপুর ২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিও পৃথকভাবে তিতাসের স্বজনদের সঙ্গে কথা বলেন।
শুনানি শেষে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান সঞ্জয় কুমার বণিক বলেন, ‘আমরা তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করব।’
অপরদিকে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির প্রধান মো. রেজাউল আহসানও বলেন, ‘তদন্তকাজ চলছে। তদন্ত শেষে ফলাফল জানা যাবে।’
এ সময় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সর্বস্তরের মানুষের ভিড় জমে। তদন্ত চলার সময় কালিয়া সরকারি আবদুস সালাম ডিগ্রি কলেজ, কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষ মিছিল সহকারে তিতাস ঘোষের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান। পরে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, নড়াইল কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ভাড়া করা একটি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সে ২৫ জুলাই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির উদ্দেশে রওনা দেন পরিবারের লোকজন। রাত ৮টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ভিআইপি ফেরিঘাটে পৌঁছায় অ্যাম্বুলেন্সটি। তখন কুমিল্লা নামে ফেরিটি ঘাটে যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুল সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন বলে ওই ফেরিকে অপেক্ষা করতে হবে জানিয়ে জেলা প্রশাসক ঘাট কর্তৃপক্ষকে বার্তা পাঠান। তিন ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে ওঠে অ্যাম্বুলেন্সটি। কিন্তু এর মধ্যে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায় তিতাস।
আরও পড়ুন-
আধাঘণ্টা অনুরোধের পর অ্যাম্বুলেন্স ফেরিতে, ছাড়ে দুই ঘণ্টা দেরিতে
ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: ডিসিসহ ঘাট সংশ্লিষ্টদের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ