ঈদের আগেই গাইবান্ধা-ঢাকা রুটে রেল চলাচল স্বাভাবিক হবে: রেলমন্ত্রী

বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ থাকা ঢাকা-গাইবান্ধা রুটে ঈদের আগেই রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার ৭ কিলোমিটার রেলপথ মেরামত সম্পন্ন করে ঈদের আগেই গাইবান্ধা-ঢাকা রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আর কোনও বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের আগে অবশ্যই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সেজন্য ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত মেরামতে আমরা কাজ করে যাচ্ছি।’

শুক্রবার (২ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ও ত্রিমোহনী এলাকার ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের রেলওয়ে বিভাগের সম্পদ বিভিন্ন সময়ের সরকার ধ্বংসের চেষ্টা করছিল। রেলখাত মেরে ফেলার চক্রান্ত হচ্ছিলো। ভবিষ্যতে রেলপথ বন্ধ হয়ে যেতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় করে রেলকে আবার পুনর্জাগরণ করেছেন। আগামীতে রেল বিভাগে কোনও সমস্যা থাকবে না।’

এসময় পশ্চিম অঞ্চল রেলওয়ের জিএম খন্দকার শহিদুল ইসলাম, গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম, গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন ও জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভয়াবহ বন্যায় গত ১৭ জুলাই গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ও ত্রিমোহনী এলাকার ৭ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকার সঙ্গে গাইবান্ধার রেল যোগাযোগ বন্ধ হয়। তবে গাইবান্ধা থেকে রংপুর-লালমনিরহাট ও বোনারপাড়া থেকে সান্তাহার রেল রুটে বিকল্প পথে ট্রেন যোগাযোগ চলছে।