ধান-চাল সংগ্রহে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

সরকারিভাবে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহে কোনও অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার (৪ আগস্ট) বিকালে ঝিনাইদহ সদর খাদ্য গুদাম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যেসব স্থানে অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হয়েছে, সেখানে দোষীদের সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘তালিকাভুক্ত কৃষক খাদ্যগুদামে ধান দিতে পারছেন না- এমন সংবাদে যেখানেই পাচ্ছি, সেখানেই লোক পাঠাচ্ছি। শুধু তাই না, মন্ত্রণালয় ও অধিদফতর মিলে ২০টি টিম এ বিষয়ে মনিটরিংয়ে আছে। তারা বিভিন্ন জেলায় গিয়ে কাজ করছে। কোনও স্থানে ধান বিক্রিতে যদি অনিময় হয়ে থাকে, তাহলে সেখানে তদন্ত করা হচ্ছে।’