জয়পুরহাটে অপহৃত নওগাঁর ধান ব্যবসায়ীকে উদ্ধার, আটক ২

অপহরণে জড়িত থাকার অভিযোগে আটক দুই ব্যক্তি অপহরণের একদিন পর জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা এলাকা থেকে নওগাঁর এক ধান ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে হেলকুন্ডা এলাকা থেকে আটক করেছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রায়হান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন– জয়পুরহাট পৌর সদরের পাঁচুরচক মহল্লার ফজলুল হকের ছেলে হাসান বশির (৩০) এবং কালাই উপজেলার নুনুজ গ্রামের সফির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়,নওগাঁর ধামুরহাট উপজেলার গোপিরামপুর গ্রামের ধান ব্যবসায়ী সোলায়মান আলী ব্যবসায়িক কাজে মঙ্গলবার সকালে জয়পুরহাট শহরে আসেন। সেখানে একটি অপহরণকারী চক্র অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে হেলকুন্ডা এলাকার একটি পুকুর পাড়ে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  সোলায়মানের পরিবার পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।