রূপগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

নারায়ণগঞ্জ

নারায়ণঞ্জের রূপগঞ্জে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজু পাটোয়ারী (২৫) নামে একজন হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই ট্রাকের চালক। রবিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বরপা এলাকা এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার এসআই খাইরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ঢাকাগামী রডবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-১৩২২ ) সঙ্গে গাউছিয়াগামী ভুষি ভর্তি ট্রাকের (চট্রগ্রাম ড-৯৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রডবোঝাই ট্রাকের হেলপার লক্ষীপুর জেলার দক্ষিণ মান্দাইল এলাকার রমজান পাটোয়ারীর ছেলে রাজু পাটোয়ারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে উভয় ট্রাকের চালক হেলাল ও সিরাজ মিয়া। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।