পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, মশিউর রহমান শুভ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত ছিলেন। রবিবার ফেনসিডিলসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার পিরোজপুর সদর থানা থেকে এ মামলার তথ্যাদি সংগ্রহ করে মঙ্গলবার সকালে তাকে বরখাস্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চিঠি দেওয়া হয়।
প্রসঙ্গত, পিরোজপুর সদর থানা পুলিশ গত রবিবার রাতে মশিউর রহমান শুভর ঝাটকাঠী এলাকার বাসায় অভিযান চালিয়ে তার কক্ষের বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ফেনসিডিল এবং বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে। পুলিশ এ সময় শুভ ও তার সহযোগী পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রণজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকে আটক করে।
মশিউর রহমান শুভ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটক শিক্ষক শুভ ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুজনেরই রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার এ রিমান্ড শুনানি হবে।