‘মানবাধিকার রক্ষায় কাজ করে দেশকে উজ্জ্বল অবস্থানে নিয়ে যেতে চাই’

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনমানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, ‘বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বহির্বিশ্বে বাংলাদেশের যে অবস্থান তাতে জাতিগতভাবে আমরা মানবাধিকার রক্ষায় কাজ করে বাংলাদেশকে উজ্জ্বলতর অবস্থায় নিয়ে যেতে চাই।’ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানবাধিকার রক্ষায় আমরা আগের কমিশনের সঙ্গে মতবিনিময় করেছি। তারা যে লক্ষ্য নিয়ে কাজ করেছেন, যেভাবে তারা এগিয়েছিলেন সেই ধারাবাহিকতায় কাজ করা হবে।
পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মানবাধিকার কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।