রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটালেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসযুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস কক্সবাজারের টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন করেছেন। সেখানে তিনি বেসরকারি সংস্থা কোডেক পরিচালিত রোহিঙ্গা শিশুদের স্কুলে সময় কাটান। এ সময় তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ছিলেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা ওই ক্যাম্প ঘুরে দেখেন।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও সিনিয়র সহকারী সচিব শামলাপুর ক্যাম্প ইনচার্জ জনাব পুলক কান্তি চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ একটি প্রতিনিধি দল টেকনাফ শামলাপুর ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের স্কুল ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শিশুদের কাছে জানতে চান, কোন বিষয় পড়তে ভালো লাগে? তিনি রোহিঙ্গা শিশুরা বড় হয়ে কী হতে চায় তা জানতে চান এবং তাদের সঙ্গে কিছু সময় আড্ডায় মেতে ওঠেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি শামলাপুর ত্যাগ করে। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা ও এনজিও সংস্থার প্রতিনিধিরা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে বাংলাদেশ সফরে আসেন। প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) বৈঠক হওয়ার কথা রয়েছে।