মোটর চালু করতে গিয়ে কোলের সন্তানসহ বাবার মৃত্যু

ময়মনসিংহময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাংগালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন আসাদুল ইসলাম (৪৫) ও জান্নাতুল উর্মি (৩)। বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া জানান, পুকুরে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আসাদুল ঘটনাস্থলেই মারা যান। এসময় তার কোলে থাকা শিশু কন্যা জান্নাতুল উর্মিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। শিশুটিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসাদুল গৌরীপুর উপজেলার ধোপাজাংগালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বাবা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।