কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন দেলু (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় চান্দিনা থানার ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটায় চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর সীমানার তুলাতলী কড়াইগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাত দেলোয়ার হোসেন দেলু চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস আই) গিয়াস উদ্দিন জানান, শনিবার রাতে চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশে ডাকাতদল তুলাতলী-শ্রীমন্তপুর ও এতবারপুর সীমানায় একটি কড়াই গাছের নিচে সংঘবদ্ধ হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধরতে ওই স্থানে অভিযান চালায়।
ডাকাতদল উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে দেলোয়ার গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দরজা ভাঙার একটি শাবল ও তালা ভাঙার একটি শাবল উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে আহতরা হলেন—চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল, উপপরিদর্শক আহাদুজ্জামান, কনস্টেবল রেহান উদ্দিন ও সায়েম খান।