প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত স্ত্রীকে দেখে স্বামী অসুস্থ, পরে মৃত্যু

কুড়িগ্রামকুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম স্ত্রীকে দেখে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ার পাড় শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম হানিফ আলী (৬১) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৪৪)। সুফিয়াকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির পাশের চার শতক জমি নিয়ে স্থানীয় ফকর উদ্দিন নামে এক ব্যক্তির ছেলে হানিফের সঙ্গে তিন ভাই হজরত আলী (৬৩), ইউনুছ আলী (৫৬) ও ইসলাম আলীর (৪৮) মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিটি হানিফ আলীকে বাদ দিয়ে অন্য তিন ভাই ঘিরে দখলে নেয়। বৃহস্পতিবার সকালে হানিফ তার স্ত্রী ও ছেলে ফজজুল হককে (২৭) নিয়ে ওই ঘেরা সরিয়ে দখলমুক্ত করতে গেলে প্রতিপক্ষ তিন ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের দায়ের কোপে সুফিয়ার মাথায় গুরুতর জখম হয়। স্ত্রীর গুরুতর জখম হওয়া দেখে অসুস্থ হয়ে পড়েন হানিফ আলী। বাসায় নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি। ঘটনার পরপরই পালিয়ে গেছেন নিহত হানিফ আলীর বাকি তিনভাইসহ তাদের পরিবারের সদস্যরা।

ওসি জানান, মৃত হানিফ আলীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি ঠিক কী কারণে মারা গেছেন তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।