নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দুপচাঁচিয়ায় মেয়র প্রার্থীকে শোকজ

বগুড়ানির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে জনসাধারণকে খাবার পরিবেশন করার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বেলাল হোসেনকে শোকজ করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই শোকজ নোটিশ দেন।  

নোটিশে বিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসার নোটিশে উল্লেখ করেন, আগামী ১৩ জানুয়ারি দুপচাঁচিয়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।  এ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্য সরদারপাড়ায় গত ১৮ ডিসেম্বর জনগণের মাঝে খাদ্য পরিবেশন করা হয়। সেখানে যাওয়ার পর পরিবেশনকারীরা বলেছেন, এর আয়োজক মেয়রপ্রার্থী বেলাল হোসেন। বিধি মোতাবেক কোনও প্রার্থী বা রাজনৈতিক দল বা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কেউ পানীয় বা খাদ্য পরিবেশন করতে পারবেন না। স্বতন্ত্র মেয়র প্রার্থী বেলাল ওই বিধি লঙ্ঘন করায় কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনামুল হক রানা অভিযোগ করেন বলেন, ‘বর্তমান মেয়র বেলাল প্রায় একমাস ধরে বিভিন্ন পাড়া-মহল্লায় ভূরিভোজের আয়োজন করে আসছেন। বুধবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় মাংস-খিচুরির আয়োজন করেন।’

বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলমও একই অভিযোগ করে বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তাদের কাছে অভিযোগ করে কোনও লাভ হচ্ছে না।’ অভিযোগ প্রসঙ্গে বেলাল হোসেন জানান, তিনি তফসিল ঘোষণার পর কোনও ভূরিভোজের আয়োজন করেননি। তাকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।