গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ, লাশ মিললো বাঁশঝাড়ে

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর জান্নাত আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কসবা উপজেলার মন্দবাগ গ্রামের একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জান্নাত আক্তার মন্দবাগ গ্রামের রফিক মিয়ার মেয়ে এবং মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জান্নাত। পরে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

আজ সোমবার সকাল ৮টার দিকে জান্নাতের মা পুতুল আক্তার তাদের বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের ভেতর জান্নাতের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসন জানান, ‘এটি একটি হত্যাকাণ্ড। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা মেডিক্যাল প্রতিবেদন ছাড়া বলা যাবে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’