আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পঁচাত্তর পরবর্তীতে, আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে দলের দায়িত্ব নিয়ে আবারও দলকে শক্তিশালী কাঠামোতে দাঁড় করিয়েছেন। দলকে সুসংগঠিত করে নবম বারের মতো বাংলাদেশ দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। একটানা তৃতীয়বারসহ চতুর্থবার দেশের প্রধানমস্ত্রী নির্বাচিত হয়েছেন। দলের কর্মীরা বিশ্বাস করেন, আওয়ামী লীগে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়েও তিনি সাহসিকতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’
রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘কোনও চক্রান্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। সব অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ এগিয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের সব স্তরের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও দলের নীতি থেকে বিচ্যুত হওয়া যাবে না।’ জনগণ যেন নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সেজন্য দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।