অভিযুক্ত তিন পুলিশ হলেন- উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল আওয়াল এবং থানার বেতার সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল মুক্তার হোসেন।
ওসি জানান, গত বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি থানার অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্য আমজাদ হোসেন নামে এক মাদক কারবারিকে এক হাজার ইয়াবাসহ আটক করেন। আমজাদ দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়বাগ গ্রামের কোরবান আলীর ছেলে। তাকে আড়াই লাখ টাকায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন একই জেলার নবাবগঞ্জ উপজেলার হাঁসের পাড়া গ্রামের মাফিদুল ইসলাম ও শাকিল হোসেন নামে দুই দালাল। দাবিকৃত টাকার মধ্যে দুই লাখ দেওয়ার পর দালালরা তাদের ভাগ হিসেবে অবশিষ্ট পঞ্চাশ হাজার টাকার জন্য আমজাদকে চাপ দিতে থাকে। আমজাদ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। পরে পুলিশ সুপার সালাম কবীর বিষয়টি জেনে প্রাথমিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেয়ে ওই তিন জনকে ক্লোজড করার নির্দেশ দেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোবাইল ফোনে বলেন, ‘পাঁচবিবি থানায় কর্মরত ওই তিন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে ক্লোজড করা হয়েছে।’