ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ২ দিনের রিমান্ডে রাবি শিক্ষার্থী

রিমান্ডধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মাহফুজুর রহমান (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজা এ আদেশ দেন।

মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে, গত ২৭ জানুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে মতিহার থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়।

মতিহার পুলিশ সূত্র জানায়, মামলার পরেই মতিহার থানা পুলিশ এ ঘটনায় মাহফুজুর রহমান সারদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্লাবন তালুকদার (২১) ও  রাফসানকে (২১) গ্রেফতার করে। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি রাতে মামলার অন্য দুই আসামি জীবন (২৫) ও জয় (২২) নামে দুই স্থানীয় তরুণকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  কয়েক মাস আগে মাহফুজের সঙ্গে ওই শিক্ষার্থীর বন্ধুত্ব গড়ে ওঠে। গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাহফুজ গল্প করার কথা বলে ওই তাকে কাজলা সাঁকপাড়া এলাকার একটি মেসে নিয়ে ধর্ষণ করে। এ সময় প্লাবন সরকার, রাফসান, জীবনসহ মাহফুজের অজ্ঞাত আরও কয়েকজন বন্ধু এসে মাহফুজকে মারধর করে। একপর্যায়ে তারা ধর্ষণের শিকার শিক্ষার্থী ও মাহফুজের গলায় অস্ত্র ঠেকিয়ে ফের ধর্ষণ করতে বাধ্য করে এবং ওই ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টানেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘জীবন পুলিশের কাছে স্বীকার করেছে, মাহফুজের কথামতো তারা ধর্ষণের ভিডিও রেকর্ড করেছিল। এরপরই মাহফুজকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ এই মামলার আরেক আসামি বিশালকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।