১৭ মার্চ টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়া আসছেন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এসময় গার্ড অব অনার দেওয়া হবে। পরে তিনি ১০টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে এদিন সকাল ৭টায় ঢাকায় ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এছাড়া বেলা ৩টায় ঢাকায় গণভবনে বঙ্গবন্ধুর শততম জন্মদিবসের ওপর স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।