চাঁদপুরে করোনা সন্দেহে আরও একজন আইসোলেশনে




চাঁদপুরে করোনা আক্রান্ত সন্দেহে সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। তার বাড়ি মানিকগঞ্জে। শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

হাসপাতালের তত্ত্বাবধায় ডা. হাবিব উল করিম বলেন, যিনি ভর্তি হয়েছেন তার বাড়ি মানিকগঞ্জে। দুই মাস তিনি ঢাকায় পানি বিক্রি করেছেন। এরপর সম্ভবত লঞ্চে উঠে তিনি এখানে এসেছেন। জ্বর ও সর্দি-কাশি থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ জানান, এখনও তার স্যাম্পল সংগ্রহ করা হয়নি। তবে আইইডিসিআর-এর সঙ্গে পরামর্শ করা হচ্ছে। পরীক্ষা ছাড়া কিছু বলা যাবে না।

উল্লেখ্য, বর্তমানে চাঁদপুরে ৩৩১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। আর আইসোলেশনে থাকা দুইজন সুস্থ হওয়ায় বৃহস্পতিবার তারা বাড়ি ফিরেছেন।