বকশীগঞ্জে ৫ হাজার কেজি সরকারি চালসহ আটক ১

জামালপুরজামালপুরের বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ হাজার কেজি (দুশ’ বস্তা) সরকারি চালসহ নুর কালাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বকশীগঞ্জ মধ্যবাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাউলসহ তাকে আটক করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নুর কালাম বকশীগঞ্জ পৌর এলাকায় পাখিমারা গ্রামের জমশের আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ খন্দকারকে বিষয়টি অবহিত করা হয়। তিনি বকশীগঞ্জ থানা পুলিশের একটি টিম পাঠিয়ে চালসহ ব্যবসায়ী নূর কামালকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটক নুর কামাল অবৈধভাবে চাল রাখার কথা স্বীকার করেছেন।

ওসি জানান, উদ্ধারকৃত চাল বকশীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।