প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দিনাজপুরে ২১০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে চাল, ডাল, তেল, সাবানসহ খাদ্যসামগ্রী প্রদান করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
শনিবার (১১ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে এসব খাদ্য বিতরণ করেন তিনি।
এসময় ইমাম ওলামা কল্যাণ সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ মাজাহিরীর হাতে সব ইমাম ও মোয়াজ্জিনদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যাতে জনগণের কোনও কষ্ট না হয়, কেউ যাতে অভুক্ত না থাকে, সে দিকে খোঁজ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মাঠে যারা কাজ করছেন, তাদের জন্য ইতোমধ্যেই বিমা পলিসি এবং পুরস্কার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশে খাদ্যের কোনও অভাব নেই, আপনারা ঘরে থাকুন। আপনাদের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে।