গোপালগঞ্জে আরও ছয় জন করোনা আক্রান্ত

করোনা ভাইরাসগোপালগঞ্জে তিন পুলিশসহ ছয় জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) আইইডিসিআর এই রিপোর্ট এসেছে। সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, এ নিয়ে জেলায় মোট নয় জন করোনা আক্রান্ত হলো। আক্রান্ত নয় জনের মধ্যে অধিকাংশই নারায়ণগঞ্জ থেকে আসা।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের তিন জন রয়েছেন। এছাড়া মুকসুদপুর থানার তিন পুলিশ কনস্টেবল রয়েছেন। ২৪ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তাদের মধ্য থেকে থেকে তিন জনের করোনা পজেটিভ ধরা পড়ে।

এর আগে টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় এক দম্পতি এবং সড়ইডাঙ্গায় এক ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব মেলে।

তিনি আরও জানান, সদরের তিন জনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মুকসুদপুর থানার তিন কনস্টেবলকে ইতোমধ্যে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়ার তিন জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে।