শ্রীপুরে ওজনে কম দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে চালের ওজনে কম দেওয়ায় ডিলার ও স্বেচ্ছাসেবক রীগের নেতা মোহাম্মদ মোর্শেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করে ডিলারশিপ বাতিল করে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের শ্রীপুরে চালের ওজনে কম দেওয়ার অপরাধে রাজাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মোর্শেদ রাজাবাড়ি এলাকার সরকারি ১০ টাকা কেজির চাল (খাদ্য বান্ধব কর্মসূচির) চালের ডিলার। সোমবার দুপুরে তাকে জরিমানা করে তা  আদায় করা হয়।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আল মামুন জানান, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে উপকারভোগীদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি শুরু হয়।

শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায় মোহাম্মদ মোর্শেদ আলমকে ওই কর্মসূচির ডিলার নিয়োগ করা হয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবেন। কিন্তু, স্থানীয় ওই ডিলার সরকারি নিয়ম না মেনে ওজনে কারসাজি করে প্রতি ক্রেতাকে ওজনে ৪ কেজি চাল কম দিয়ে ২৬ কেজি করে চাউল বিক্রি করেন এবং তাদের কাছ থেকে ৩০ কেজি চালের দাম আদায় করছেন। গোপন সংবাদে খবর পেয়ে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে হাতেনাতে প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক ওই ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।