মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত, আহত ১

গাজীপুরগাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে শহিদ (৩০) নামে এক যুবক নিহত এবং তার সঙ্গে থাকা বন্ধু মঈন উদ্দিন (৩২) আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার এর সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

নিহত শহিদ কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

অভিযুক্ত হত্যাকারী পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে। কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, মন্ত্রীর গানম্যান কিশোর কুমার ও হতাহতরা বন্ধুত্বের সূত্র ধরে নেশা করতো এবং এলাকায় প্রায়ই আড্ডা দিত। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার স্থানীয় লায়ন হাবিবের একটি পতিত জমিতে বসে তারা আড্ডা দিচ্ছিলো। এসময় নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিত অনুযায়ী কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়ে থাকতে পারে। এর জেরে গানম্যান কিশোর কুমার তার কাছে থাকা পিস্তল দিয়ে বন্ধু শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদ বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলি লাগে। এলাকাবাসী গুলির শব্দ পেয়ে ছুটে আসলে কিশোর কুমার দৌড়ে পালিয়ে যান।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত শহিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর কুমার ঘটনার পর থেকে পলাতক। ঘটনার তদন্ত চলছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করে থাকতে পারে।

মুক্তিযুদ্ধবিয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক জানান, ‘অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোরকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। সে ব্যক্তিগত কাজে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে পিস্তল কীভাবে নিল সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’