কিডনির চিকিৎসা নিতে এসে করোনা শনাক্ত, নেফ্রোলজি ওয়ার্ড লকডাউন

93892866_244594656593674_2704428807644774400_n

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনির চিকিৎসা নিতে এসে একজন রোগীর করোনা ধরা পড়ায় নেফ্রোলজি ওয়ার্ড লকডাউন করা হয়েছে। ওই ওয়ার্ডের ১৮ জন চিকিৎসক, ৮ জন নার্স এবং ৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একে সালেহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নেফ্রোলজি বিভাগে কিডনি ডায়ালাইসিস করার জন্য কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আব্দুল হাই (৬৮) নামে একজন রোগী ভর্তি হন। তাকে ডায়ালাইসিস করার আগে শরীরে উচ্চমাত্রার জ্বর দেখা গেলে সন্দেহজনকভাবে করোনা শনাক্তের জন্য পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হয়। সন্ধ্যায় আব্দুল হাইয়ের নমুনায় করোনা পজিটিভ দেখা যায়। পরে শুক্রবার (১৭ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোগীদের বাড়িতে পাঠিয়ে দিয়ে নেফ্রোলজি ওয়ার্ড লকডাউন করে দেওয়া হয়।

এর আগেও হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে গাজীপুরের শ্রীপুর থেকে করোনা পজিটিভ এক গার্মেন্টসকর্মী তথ্য গোপন করে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, নানা প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক-নার্স ও অন্যান্য কর্মচারী চিকিৎসা সেবার কাজ চালিয়ে যাচ্ছেন।