শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় দিনাজপুর কোতোয়ালি থানায় সাংবাদিকদের এসব তথ্য জানান ওসি মোজাফফর হোসেন। এ সময় ওসি (তদন্ত) বজলুর রশিদ উপস্থিত ছিলেন।
আটক ডাকাতরা হলো, সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে মো. আবু মুসা (২৫), বড়ইল বিহারীপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মাহবুব আলী শেখ (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে রাশেদ শেখ (৩৮), মো. দাউদ রহমানের ছেলে মো. রাকিব হোসেন (২৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে চার জন ডাকাতকে আটক করা হয়। আটকের সময় ডাকাত দলের হামলায় কোতোয়ালি থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) কামাল হোসেন, কনস্টেবল হৃদয় খান, সুজন রায় ও হারুন আহত হয়েছেন। তাদের দিনাজপুর পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডাকাত দলের মাইক্রোবাস থেকে তিন ফুট লম্বা দুটি হাঁসুয়া, একটি স্টিলের টিপ চাকু, একটি ৩২ ইঞ্চি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার জনসহ ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।