করোনা মোকাবিলায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো: প্রাণিসম্পদ মন্ত্রী



শ ম রেজাউল করিম (ফাইল ছবি)করোনা পরিস্থিতিতে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, ‘করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে, তার মাধ্যমে আগামী তিন বছর মানুষের কল্যাণ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে, দেশের একজন মানুষও অনাহারে থাকবে না। দুর্যোগ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) নাজিরপুরে নিজ বাসভবনে আলাপকালে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকাকে সচল রাখতে কৃষি উৎপাদন, হাঁস-মুরগি, গরু-ছাগল পালন অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের গৃহীত কর্মসূচিও সফল করা অপরিহার্য।

মন্ত্রী বলেন, নিজেকে আইসোলেটেড করে রাখা একজন জনপ্রতিনিধির কাজ হতে পারে না। মানুষের দুঃসময়ে পাশে থাকার জন্য ঢাকা থেকে পিরোজপুরে চলে এসেছি।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি করোনা রোগীদের জন্য একটি অ্যাম্বুলেন্স ও ডাক্তারদের জন্য একটি মাইক্রোবাস ও একটি গাড়ি বরাদ্দের ব্যবস্থা করেছেন।

ত্রাণ বিতরণ বিষয়ে মন্ত্রী বলেন, অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এছাড়া আমি ব্যক্তিগতভাবে নির্বাচনি এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কর্মহীন নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্তসহ বর্তমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খাদ্য সহায়তা ও অর্থ সহায়তা দিচ্ছি। করোনা সংক্রমণ এড়াতে লকডাউন মেনে চলার আহবান জানাচ্ছি সাধারণ মানুষকে। দুর্যোগময় অবস্থায় পেশাগত দায়িত্ব পালনের জন্য পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের পিপিই প্রদান করেছি। আইনজীবী ও সাংবাদিকদের অনুদান দিয়েছি।

করোনা পরিস্থিতির শুরুতে পিরোজপুর-১ আসনের তিন উপজেলায় প্রায় ১৫ হাজার কর্মহীন অসহায় পবিারকে চাল, ডাল, তেল আলু, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বলে জানান তিনি।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, মন্ত্রী শ ম রেজাউল করিম ভিডিও কনফারেন্সে গাড়ি ও অ্যাম্বুলেন্স চাওয়ার পর সরকারের তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স এবং নাজিরপুর, পিরোজপুর সদর, নেছারাবাদ ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চারটি জিপগাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।