হবিগঞ্জে ডাক্তার-কর্মকর্তাসহ ২০ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালহবিগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের ২০ জনই সদর উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন সদর আধুনিক হাসপাতালের ডাক্তারসহ ১১ জন কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের চার জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। 

এ নিয়ে জেলায় ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা সিলেট বিভাগে সবচেয়ে বেশি। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআর এ ৪৪ জনের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হয়। শনিবার বিকালে রিপোর্ট এসেছে ৩৪ জনের। এর মাঝে ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে একজন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক, দুই জন নার্স, দুই জন ব্রাদার, প্যাথলজি বিভাগের ‍দুই জন, দুই জন আয়া ও দুই জন স্টাফ রয়েছেন।

হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, শনিবার নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ও স্টাফ এবং চার জন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। জেলায় এবারই সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন একদিনে।

এদিকে হঠাৎই জেলায় করোনা আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। কিন্তু এরপরও অনেকেই অবাধে ঘোরাফেরা করছেন। বিশেষ করে শহরের চৌধুরী বাজারসহ কয়েকটি বাজার এবং প্রধান সড়কে মানুষের চলাচল অনিয়ন্ত্রিত। পুলিশ বার বার ধাওয়া করেও মানুষ ঠেকাতে পারছে না। পুলিশ চলে গেলেই মানুষ আবারও বেরিয়ে পড়ে।

এদিকে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হলেও হবিগঞ্জ জেলাকে এখনো আনুষ্ঠানিকভাবে লকডাউন না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।