এদের নিজস্ব কোনও অর্থ বা সামর্থ্য নেই। তাই এলাকার বিত্তবানদের পাটের জমিতে আগাছা পরিষ্কারের কাজ করে যে টাকা পাচ্ছেন, তা দিয়ে দুস্থদের মধ্যে ওষুধ, চাল ও তেল কিনে দিচ্ছেন। মাগুরার শ্রীপুর উপজেলার দোরন নগর গ্রামের ৫০ তরুণ এই ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছেন।
সাবেক মেম্বার রমেশ বালার সঙ্গে ওই গ্রামের ৫০ জন যুবক এই কাজে অংশ নিচ্ছেন। এদের বেশির ভাগই ছাত্র। সারাদিন ধরে পরের জমিতে কাজ করে যে অর্থ তারা রোজগার করেন, সেই অর্থ দিয়ে দিনের শেষে তাদের নিজ এলাকার গরিবদের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এতে যেমন সুবিধা হচ্ছে জমির মালিকদের, ঠিক তেমনি সুবিধা হচ্ছে এলাকার দুস্থদের।
এ ব্যাপারে মেম্বার রমেশ বালা জানান, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই গরিব গ্রামটির দিকে কারোরই তেমন নজর নেই। তাই আমরা নিজ উদ্যোগে যতটুকু পারছি, করছি।